
নগরের ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে স্থানীয় ইমাম হোসেনের বাড়ির ড্রয়িংরুমে এ ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে পিস্তলের গুলিতে আহত হন শাহিদ। পরে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। পৌনে ৮টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর তাকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত শাহিদ হোসেন হাজীপাড়া এলাকার মৃত ইকবাল হোসেনের ছেলে। তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা ছিলেন।
শাহিদের স্ত্রী শারমিন জানান, তার স্বামীর মানসিক সমস্যা ছিল। তবে তিনি পুরোপুরি অসুস্থ ছিলেন না। পিস্তলটি তার স্বামীর কাছে কীভাবে এসেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। এটি আগে থেকে তার ড্রয়ারে ছিল, নাকি বাইরে থেকে আনা হয়েছিল—এ বিষয়ে তার জানা নেই।
পরিবারের ভাষ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া জেলায় বদলি হওয়ার পর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চাকরি ছেড়ে দেন শাহিদ হোসেন।
ঘটনাটি কীভাবে ঘটেছে, পিস্তলটি শাহিদের হাতে কীভাবে পৌঁছাল এবং গুলি চালানোর পেছনে কী কারণ ছিল—এসব বিষয় তদন্ত করে দেখছে পুলিশ।







