স্বাস্থ্যমন্ত্রীকে ৭৫ বার ‘স্যার’ ডেকে সমালোচিত মানিকগঞ্জের সিভিল সার্জন

সাইফুল ইসলাম : মানিকগঞ্জে আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে বারবার ‘স্যার’ সম্বোধন করে বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন জেলার সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে।

গত সোমবার (৩১ আগস্ট) বেলা ১২টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের পর বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস। তার বক্তব্যের পাঁচ মিনিট এক সেকেন্ডের একটি ভিডিও এই প্রতিবেদকের হাতে এসেছে। ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, ওই সময়ের বক্তব্যে তিনি প্রায় ৯০০টি শব্দ ব্যবহার করেন। এর মধ্যে স্বাস্থ্যমন্ত্রীকে ‘স্যার’ সম্বোধন করেন ৭৫ বার। অর্থাৎ তার বক্তব্যে ব্যবহৃত মোট শব্দের প্রায় ৮ দশমিক ৩৩ শতাংশ ছিল ‘স্যার’ শব্দটি।
তবে শুধু স্বাস্থ্যমন্ত্রীকে সম্বোধন করেই থেমে থাকেননি সিভিল সার্জন। বক্তব্যে তিনি জেলার স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা, অগ্রগতি, সম্ভাবনা ও চলমান কার্যক্রমের কথা তুলে ধরেন। চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা, নার্সদের আচরণগত পরিবর্তন, বেসরকারি ক্লিনিকের লাইসেন্স নবায়ন, স্বাভাবিক প্রসব উৎসাহিত করা, হাসপাতালের খাবারের মানোন্নয়ন, টিকাদান কর্মসূচি, এইচপিভি টিকা, ডেঙ্গু মোকাবিলা, হাসপাতালগুলোতে প্রয়োজনীয় স্যালাইন ও ওষুধের মজুতসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।
সিভিল সার্জনের বক্তব্যে ‘স্যার’ শব্দের ঘন ঘন ব্যবহারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য দেখা গেছে। কেউ বিষয়টিকে অপ্রয়োজনীয় তোষামোদ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, বক্তব্যের মূল বিষয় বাদ দিয়ে শুধু একটি শব্দের পুনরাবৃত্তিকে সামনে এনে একপাক্ষিকভাবে সংবাদ পরিবেশন করা ঠিক হয়নি।
সমালোচকদের একটি অংশের দাবি, সিভিল সার্জনের বক্তব্যের মূল বিষয় ছিল জেলার স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা ও সেগুলো সমাধানে নেওয়া উদ্যোগের তথ্য তুলে ধরা। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে তার বক্তব্যের ওই অংশগুলো উপেক্ষা করে শুধু ‘স্যার’ বলার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
এর বাইরে সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস আরও কয়েক সেকেন্ড বক্তব্য দেন। তবে বক্তব্যের শুরুতে কয়েক সেকেন্ডের ভিডিও ধারণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ভিডিও ধারণকারী ব্যক্তি।
মাদক, জুয়া, স্বাস্থ্যখাতসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে আয়োজিত এ মতবিনিময় সভায় মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজ খানম রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







