বিশ্ব সংবাদ

চেন্নাইয়ে অলিম্পিক ও মোটরস্পোর্টস সিটি: ভারতের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা

ক্রিকেটের বাইরে ভারতের ক্রীড়াঙ্গনে এক নতুন ও ঐতিহাসিক দিগন্ত তৈরির বার্তা দিয়েছে তামিলনাড়ু রাজ্য সরকার। রাজধানী চেন্নাইকে আন্তর্জাতিক ক্রীড়ার অন্যতম শীর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে একসঙ্গে দুটি মেগা প্রকল্পের ঘোষণা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
আজ বৃহস্পতিবার বিধানসভায় দেওয়া এক বক্তব্যে তিনি এই পরিকল্পনার কথা জানান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, তামিলনাড়ু স্পোর্টস ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে চেন্নাইয়ে তৈরি করা হবে বিশ্বমানের ‘তামিলনাড়ু অলিম্পিক সিটি’ এবং বিশেষায়িত ‘মোটরস্পোর্টস সিটি’। দ্বিতীয় প্রকল্পটির মাধ্যমে ফর্মুলা ১-সহ আন্তর্জাতিক পর্যায়ের মোটর রেস আয়োজনের অবকাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এই স্পোর্টস সিটি শুধু একটি স্টেডিয়াম বা প্রতিযোগিতার ভেন্যু হবে না। বরং খেলোয়াড়দের প্রশিক্ষণ, চিকিৎসা ও উন্নয়নের জন্য এটি হবে একটি পূর্ণাঙ্গ ক্রীড়া কেন্দ্র। সেখানে থাকবে বিশ্বমানের ক্রীড়া অ্যারেনা, আধুনিক ক্রীড়া সরঞ্জাম, হাই-পারফরম্যান্স ট্রেনিং সেন্টার, স্পোর্টস সায়েন্স সেন্টার এবং স্পোর্টস মেডিসিন সেন্টার।

এই স্পোর্টস সিটি খেলোয়াড় ও কোচদের জন্য আবাসনের ব্যবস্থাও থাকবে। ফলে প্রশিক্ষণ, চিকিৎসা, বৈজ্ঞানিক সহায়তা ও থাকার সুবিধা একই জায়গায় পাওয়ার সুযোগ তৈরি হবে। তামিলনাড়ুর তরুণ ক্রীড়া প্রতিভাদের খুঁজে বের করে ছোট বয়স থেকেই উন্নত প্রশিক্ষণ দেওয়াই এই প্রকল্পের অন্যতম লক্ষ্য।

রাজ্য সরকারের প্রত্যাশা, আধুনিক প্রশিক্ষণ ও ক্রীড়া-বিজ্ঞানের সহায়তা পেলে তামিলনাড়ুর খেলোয়াড়রা অলিম্পিকসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও বেশি সাফল্য অর্জন করতে পারবেন। অর্থাৎ, চেন্নাইয়ের এই অলিম্পিক সিটি শুধু প্রতিযোগিতা আয়োজনের কেন্দ্র হবে না; এখান থেকেই ভবিষ্যতের অলিম্পিয়ান তৈরির পরিকল্পনা রয়েছে।

অলিম্পিক সিটির পাশাপাশি মোটরস্পোর্টস নিয়েও বড় পরিকল্পনা নিয়েছে তামিলনাড়ু। চেন্নাইয়ে গড়ে তোলা হবে একটি বিশেষ ‘মোটরস্পোর্টস সিটি’। এখানে আন্তর্জাতিক মানের রেসিং ট্র্যাক, আধুনিক অবকাঠামো এবং প্রশিক্ষণ সুবিধা তৈরির পরিকল্পনা রয়েছে। ফর্মুলা ওয়ানসহ বিভিন্ন পর্যায়ের আন্তর্জাতিক মোটর রেস আয়োজনের উপযোগী করে এই অবকাঠামো গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

এর পাশাপাশি মোটরস্পোর্টসে আগ্রহী তরুণদের মধ্য থেকে প্রতিভা খুঁজে বের করা হবে। তাদের প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে, যাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের রেসার তৈরি করা যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণার সবচেয়ে আলোচিত অংশ হলো ফর্মুলা ওয়ান আয়োজনের পরিকল্পনা।

চেন্নাইয়ে ইতোমধ্যে মোটর রেসিংয়ের অভিজ্ঞতা রয়েছে। শহরে ৩.৫ কিলোমিটারের একটি স্ট্রিট সার্কিটে রেসিং লীগ এর রেস আয়োজন করা হয়েছে। ফলে নতুন ‘মোটরস্পোর্টস সিটি’ বাস্তবায়িত হলে চেন্নাইয়ের মোটরস্পোর্টস অবকাঠামো আরও বড় পরিসরে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

মোটরস্পোর্টস সিটির পরিকল্পনার পেছনে শুধু খেলাধুলা নয়, অর্থনৈতিক উন্নয়নের বিষয়টিও রয়েছে। বিশ্বমানের রেস আয়োজন করা গেলে দেশ-বিদেশ থেকে দর্শক, রেসিং টিম, চালক, প্রযুক্তিবিদ ও পর্যটকদের চেন্নাইয়ে আসার সুযোগ তৈরি হবে। এতে স্থানীয় পর্যটন ব্যবসা ও বিভিন্ন সেবাখাত লাভবান হতে পারে।

পাশাপাশি গাড়ি উৎপাদন, যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ, প্রযুক্তি, প্রশিক্ষণ ও মোটরস্পোর্টস-সংশ্লিষ্ট শিল্পে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। অর্থাৎ, একটি আন্তর্জাতিক রেসিং সিটি শুধু ক্রীড়ার জন্য নয়-শিল্প, পর্যটন ও কর্মসংস্থানের জন্যও বড় অর্থনৈতিক কেন্দ্র হয়ে উঠতে পারে।

ভারতে আবার ফর্মুলা ওয়ান আয়োজনের আলোচনা চলার মধ্যেই তামিলনাড়ুর এই ঘোষণা সামনে এসেছে। এর ফলে দেশটির মোটরস্পোর্টস নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। ভারতে আগে গ্রেটার নয়ডার বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে ফর্মুলা ওয়ান রেস অনুষ্ঠিত হয়েছিল। এখন দেশটিতে আবার ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনার উদ্যোগের মধ্যে চেন্নাইয়ের এই পরিকল্পনা নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

Back to top button