বায়ুদূষণে শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই, তালিকায় ১১তম ঢাকা

বায়ুদূষণে আজ শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। এই শহরের বায়ুমানের স্কোর ২৪১, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অপরদিকে ১৩২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১১তম।
শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য। বাংলাদেশের বায়ুমানের এ স্কোর ভালো দেখালেও সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। গত শুক্রবার এই শহরের বায়ুমানের স্কোর ছিল ১২৩। এর আগেরদিন বৃহস্পতিবার স্কোর ছিল ১৬০। এই হিসাবে আজ ঢাকার বাতাসে দূষণের মাত্রা অনেকটা কম রয়েছে।
আইকিউএয়ার এর সূচকে বলা হয়, বায়ুদূষণের দ্বিতীয় অবস্থানে থাকা ইসরায়েলের তেল আবিবের স্কোর ২১৮। ২০৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, ১৮৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মিশরের কায়রো, ১৭২ স্কোর নিয়ে নেপালের কাঠমান্ডু রয়েছে পঞ্চম অবস্থানে। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।





